সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন শেখ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো ওই ছাত্রী ভোরে প্রাইভেট পড়তে যাচ্ছিল। মহন্দী বাজারে পৌঁছালে রবিন শেখ তাকে একটি দোকানের কাছে ডাকে। সেখানে গেলে সে ওই ছাত্রীর হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে রবিন শেখকে আটক করা হয়েছে। বিকেলে এ প্রতিবেদন লেখার সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানান ওসি।