Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষাখাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে: মুশফিকুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ২১:২৪ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ ২১:৫০

শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন এমপি মুশফিকুর রহমান।

ঢাকা: অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশে মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষার উন্নয়ন। এ বছর তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।’

শনিবার (২২ আগস্ট) দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর উপজেলার এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘তোমরা এসএসসি পাস করেছো, তোমাদের লক্ষ্য অনেক দূর। তোমরা নিজেদের মেধাকে কাজে লাগিয়ে ভালো ও নামি-দামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হও। অর্থের অভাবে তোমাদের লেখাপড়া যেন বন্ধ না হয়। শিক্ষাখাতে সরকারের সহায়তার পাশাপাশি তোমাদের পাশে রয়েছে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তোমরা শুধু পড়াশোনা করো, অর্থ তোমাদের পেছনে দৌড়াবে। তোমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে। তোমাদের পাশে সরকার, রহমান ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন রয়েছে।’

মুশফিকুর রহমান বলেন, ‘তোমরা যারা এ বছর এসএসসিতে ভালো রেজাল্ট করেছো, তোমাদেরকে অভিনন্দন। আর যারা এইসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে অথার্ৎ জিপিএ-৫ পাবে, রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘তোমরা যখন প্রতিটি ধাপে ভালো ফলাফল করবে, আমাদের উপজেলার সুনাম হবে। তোমরা চিকিৎসক হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে। পাশাপাশি ভালো ফলাফলের মাধ্যমে বিদেশে পড়াশোনার সুযোগ হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষও হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে; কারণ মাদক ধংস ডেকে আনে, সুফল নয়।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল ইসলামের সভাপতিত্বে ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশার (ভূমি) মো. তানজিল কবির, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী লায়ন নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদি হাসান রুবেল, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, কসবা সরকারি উচ্চবিদ্যালয়ে জেষ্ঠ্য শিক্ষক মো. ফাইজুল ইসলাম আখন্দ, কসবা পৌর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিনসহ অনেকেই। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ অন্যান্য রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া ১৬২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে, সকালে মুশফিকুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর