বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দফতরের একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় হাজিরপাড়া সুইচগেট দোকান সংলগ্ন জিয়াউর রহমানের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারি জিয়াউর রহমান (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুবাসা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পরে ওই বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রাখা ১০ হাজার ১৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’