কুমিল্লা: ট্রেনের ধাক্কায় দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে কুমিল্লা রেলস্টেশনের অদূরে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, চিকিৎসকের পরামর্শ নিতে নাতনি চাঁদনী আক্তারকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তার ফুফু। চিকিৎসক দেখানো শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনে প্রবেশের সময় রেললাইন পার হচ্ছিলেন জোৎস্না বেগম ও চাঁদনী আক্তার। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।