Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৯:২৭

মরদেহ। প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সকালে হাঁটতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় রুজিনা বেগম (৩২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি দুই ছেলে ও এক মেয়ের মা।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন জানান, রুজিনা বেগম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করতেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি বাবার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বেড়াতে আসেন। শুক্রবার সকালে বাবার বাড়ি থেকে জয়ন্তীনগর গ্রামে তার নানার বাড়ির উদ্দেশে হেঁটে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার মুহূর্তে একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক রবিউল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে স্বজনদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর