নরসিংদী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আওয়ামীলীগ ও তত্বাবধায়ক সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি। তারা চেয়েছে প্রাইভেট সংস্থার কাছ থেকে টিকা কিনতে। কিন্তু সেখানেও তাদের মনমতো হয়নি দেখে টিকাই কিনেনি। এ কারণেই দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে অনেক মায়ের কোল খালি হয়েছে।’
মঙ্গলবার (২৬ মে) দুপুরে মনোহরদী উপজেলা সম্মেলনকক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করি; যার ফলে এখন হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। আশা করি, এক সপ্তাহের মধ্যে তা আরও কমে আসবে।’
এ ছাড়াও মন্ত্রী বলেন, ‘আমরা এরইমধ্যে ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম হাতে নিয়েছি। স্বাস্থ্যব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে আমাদের একটা বড় বাজেট রয়েছে। আগামীতে ব্যাপক হারে স্বাস্থ্যখাতে কাজ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকারসহ আরও অনেকেই।