Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে কোনো সন্দেহ নাই: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১২:০১

ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ইউনিসেফের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মান যাচাইয়ের মাধ্যমে উন্নতমানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে।আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করেই এগুলো আনা হয়েছে। কাজেই এই টিকার মান নিয়ে কোনো সন্দেহ নাই।

রোববার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের শুধু ভিটামিন ‘এ’ খাওয়ালেই হবে না, মায়ের দুধও খাওয়াতে হবে। জন্মের পরপরই শিশুকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। শালদুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না। এছাড়া শিশুদের পানি, মধু, চিনি ও সুষম খাবার খাওয়াতে হবে। এতে শিশুদের শরীরে পুষ্টি তৈরি হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে হামসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সারা দেশে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সব এলাকায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার মজুত না পাওয়ায় হাম শিশুদের মারাত্মকভাবে আক্রমণ করেছিল। ক্ষমতা গ্রহণের পর আমাদের হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলও ছিল না। ইউনিসেফের মাধ্যমে আমরা পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করেছি। বর্তমানে আমাদের হাতে লাল ও নীল রঙের ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল রয়েছে। এই ক্যাম্পেইনে ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রথম দিন কোনো শিশু বাদ পড়লে দ্বিতীয় দিন খাবে, দ্বিতীয় দিন বাদ পড়লে তৃতীয় দিন, তৃতীয় দিন বাদ পড়লে চতুর্থ দিন- এভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ জন্য সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৫০০ অস্থায়ী কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান ও অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর