Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাফলং’— প্রকৃতির রূপালী ঝরনা আর পাথুরে নদীর টানে

ফারহানা নীলা সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৮:৫৩

বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে মেঘালয় পাহাড়, আর এপারে পিয়াইন নদীর বুকে ভেসে আসা স্তূপীকৃত পাথর। এই দুইয়ের মেলবন্ধনে গড়ে উঠেছে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই প্রাকৃতিক স্বর্গরাজ্য সারাবছরই পর্যটকদের আকর্ষেনের কেন্দ্রবিন্দুতে থাকে। আপনি যদি জাফলং ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে আপনার যাত্রাটি যেন সহজ, সুন্দর এবং নিরাপদ হয়, সেজন্য একটি সম্পূর্ণ গাইডলাইন নিচে দেওয়া হলো।

জাফলং কেন অনন্য

জাফলং-এর মূল আকর্ষণ হলো এর বৈচিত্র্যময় রূপ। ওপার থেকে নেমে আসা ডাউকি নদীর স্বচ্ছ পানি বাংলাদেশে প্রবেশ করে পিয়াইন নাম ধারণ করেছে। নদী থেকে পাথর উত্তোলনের দৃশ্য, ওপারে ঝুলন্ত ডাউকি ব্রিজ, সবুজ খাসিয়া পুঞ্জি বা আদিবাসী গ্রাম, এবং চা বাগানের সৌন্দর্য এক দেখাতেই মন কেড়ে নেয়। বর্ষায় এখানে মেঘ-পাহাড়ের লুকোচুরি আর শীতে নদীর শান্ত-স্বচ্ছ রূপ ভিন্ন ভিন্ন আমেজ তৈরি করে।

বিজ্ঞাপন

ভ্রমণের উপযুক্ত সময়

জাফলং একেক ঋতুতে একেক রূপ ধারণ করে। বর্ষা ও শরৎকালে অর্থাৎ জুন থেকে অক্টোবর মাসের দিকে ডাউকি পাহাড়ের ঝরনাগুলো প্রাণ ফিরে পায়। চারপাশ সবুজে ছেয়ে যায় এবং মেঘের আনাগোনা বাড়ে। প্রকৃতির আসল রূপ দেখতে এই সময়টাই সেরা। আবার শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে নদীর পানি থাকে কাচের মতো স্বচ্ছ। পাথর উত্তোলনের ব্যস্ততা কাছ থেকে দেখা যায় এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় চলাফেরা করা বেশ আরামদায়ক হয়।

যেভাবে যাবেন

জাফলং যেতে হলে প্রথমে আপনাকে সিলেট শহরে পৌঁছাতে হবে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের যেকোনো প্রান্ত থেকে বাস, ট্রেন বা বিমানে সিলেট আসা যায়। সিলেট শহরের কদমতলী বাস টার্মিনাল বা আম্বরখানা থেকে জাফলং যাওয়ার সরাসরি বাস পাওয়া যায়। এছাড়া সোবহানীঘাট থেকেও লোকাল বাস ছাড়ে। আপনি যদি পরিবার বা বন্ধুদের নিয়ে গ্রুপে যান, তবে আম্বরখানা বা নাইওরপুল থেকে সিএনজি, লেগুনা, মাইক্রোবাস বা জিপ গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। রিজার্ভ করার আগে অবশ্যই দরদাম করে নেওয়া ভালো। সিলেট শহর থেকে জাফলং পৌঁছাতে সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা।

জিরো পয়েন্ট ও পিয়াইন নদী

ভারত-বাংলাদেশ সীমান্তের এই পয়েন্টে নদীর স্বচ্ছ পানি আর পাথরের খেলা দেখা যায়। ওপার থেকে বয়ে আসা ঠাণ্ডা পানিতে পা ভিজিয়ে কাটিয়ে দেওয়া যায় দারুণ কিছু সময়।

ডাউকি ঝুলন্ত ব্রিজ

ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থিত এই ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি জাফলং-এর যেকোনো প্রান্ত থেকে স্পষ্ট দেখা যায়। এটি পর্যটকদের জন্য একটি অন্যতম প্রধান আকর্ষণ এবং দারুণ ফটোগ্রাফি স্পট।

খাসিয়া পুঞ্জি ও চা বাগান

জাফলং নদীর ওপারে রয়েছে খাসিয়া আদিবাসীদের গ্রাম, যা খাসিয়া পুঞ্জি নামে পরিচিত। তাদের মাচাং ঘর এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রা দেখার মতো অভিজ্ঞতা। খাসিয়া পুঞ্জির ভেতরেই রয়েছে বিশাল পানের বরজ এবং জাফলং-এর নিজস্ব চা বাগান, যা আপনার চোখ জুড়িয়ে দেবে।

সংগ্রামপুঞ্জি বা মায়াবী ঝরনা

জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি ওপারেই ভারতের অংশ ঘেঁষে এই সুন্দর ঝরনাটি অবস্থিত। বর্ষার সময়ে এই ঝরনার পানির বেগ অনেক বেড়ে যায় এবং দেখতে অত্যন্ত চমৎকার লাগে। তবে এখানে যাওয়ার সময় সীমান্ত এলাকা সম্পর্কে সচেতন থাকতে হবে।

খরচ ও বাজেট ধারণা

সিলেট থেকে বাসে যাতায়াত করলে জনপ্রতি খরচ হবে আশি থেকে একশত টাকা। সিএনজি রিজার্ভ করলে যাতায়াত ভাড়া বাবদ বারোশত থেকে পনেরোশত টাকা লাগতে পারে। লেগুনা বা জিপের ক্ষেত্রে এই খরচ আড়াই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে। জাফলং নদী পার হওয়া বা জিরো পয়েন্টের কাছাকাছি ঘোরার জন্য নৌকা ভাড়া করতে হয়, যেখানে নৌকা প্রতি তিনশত থেকে আটশত টাকা পর্যন্ত নিতে পারে। এছাড়া জাফলং ঘাটের আশেপাশে মাঝারি মানের বেশ কিছু রেস্তোরাঁ আছে, যেখানে প্রতি বেলা খাবারে জনপ্রতি দেড়শত থেকে তিনশত টাকা খরচ হবে।

সীমান্ত সতর্কতা

জাফলং একটি সীমান্ত এলাকা হওয়ায় জিরো পয়েন্টে ভ্রমণের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির নির্দেশনা কঠোরভাবে মেনে চলুন। কোনো অবস্থাতেই সীমানা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করবেন না।

নদীতে নামার সাবধানতা

বর্ষাকালে নদীর স্রোত অনেক বেশি থাকে এবং পাথরের কারণে পানির গভীরতা আন্দাজ করা কঠিন। তাই সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামা একদমই উচিত নয়।

পরিবেশ রক্ষা

প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট বা কোনো ময়লা-আবর্জনা নদীতে বা পাথরের ওপর ফেলবেন না। প্রকৃতির সৌন্দর্য ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। পাথুরে এলাকায় হাঁটার জন্য আরামদায়ক এবং গ্রিপযুক্ত নরম জুতো বা স্যান্ডেল ব্যবহার করুন।

জাফলং ডে-ট্যুর হিসেবে দারুণ একটি জায়গা। সকাল সকাল সিলেট শহর থেকে রওনা দিলে বিকেল বা সন্ধ্যার মধ্যে ঘুরে আবার শহরে ফিরে আসা যায়। তাই থাকার জন্য সিলেট শহরের হোটেলগুলোকেই বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর