Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ দলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৯:৪৬

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ১১দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী সেমিনার, চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণমূলক সমাবেশ, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচিগুলো হলো-

  • ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলা ও মহানগর পর্যায়ে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে সেমিনার ও গ্রাফিতি অঙ্কন।
  • ৪ জুলাই রাজধানী ব্যতিত সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ।
  • ৬ জুলাই জাতীয় সংসদের সামনে শহিদ পরিবারের উদ্যোগে মানববন্ধন ও জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি প্রদান।
  • ৮ জুলাই জাতীয় সেমিনার আয়োজন।
  • ২৭ জুন ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ।
  • ১১ জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশ।
  • ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ।
  • ২০ জুলাই নারীদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান শীর্ষক বিশেষ আলোচনা সভা।
  • ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী এবং জুলাই আন্দোলনের সারা দেশের গুরুত্বপূর্ণ ঘটনাস্থলগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ।
  • ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ।
  • ৩১ জুলাই দেশব্যাপী মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
  • ৫ আগস্ট রাজধানীসহ সারাদেশে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে সমাবেশ।

ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। ছাত্রসমাজের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ১ হাজার ৪০০ এর অধিক মানুষ জীবন উৎসর্গ করেন। অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অর্জিত গণআকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে সংস্কার প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছে, তা উপেক্ষা করে সরকার সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের উদ্যোগ থেকে সরে এসেছে। এটি জাতির সঙ্গে প্রতারণা।

বিচার প্রসঙ্গে ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই-আগস্টের গণহত্যাকাণ্ডসহ অতীতের সকল হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম প্রত্যাশিত অগ্রগতি লাভ করেনি।

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, বাজেটে সাধারণ মানুষের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। দুর্নীতির সুযোগ বন্ধে ও সুশাসনের ব্যবস্থা না করে জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা মহানগর উত্তরের নেতা আরিফুল ইসলাম আদিব, এলডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আব্দুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, খেলাফত মজলিসের নেতা আনোয়ার হোসেন, জাগপা’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিডিপির সেক্রেটারি নিজামুল হক নাঈমসহ অন্যান্যরা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর