ঢাকা: আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন আম বাজারে বিপুল আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা আগামী ৩১ জুলাই পর্যন্ত শনিবারও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আম বাজারে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের জন্য নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাংকে নগদ জমা দেওয়ার সুযোগ সহজ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যবসায়ীদের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকিং সেবা চালু রাখতে হবে। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আম বাজারসংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুবিধা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। তবে শাখা ও উপশাখা খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ব্যাংকারদের মতে, আমের মৌসুমে উত্তরাঞ্চলের বাজারগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। ব্যাংক শাখা খোলা থাকলে ব্যবসায়ীরা সহজে নগদ অর্থ জমা দিতে পারবেন এবং নগদ অর্থ বহন ও সংরক্ষণের ঝুঁকিও কমবে। পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।