সকালে অফিসের তাড়া বা জরুরি কাজে বের হওয়ার সময় বাইকটি যদি স্টার্ট নিতে গড়িমসি করে, তবে মেজাজ বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। বারবার কিক বা সেলফ দেওয়ার পরও যখন ইঞ্জিন সাড়া দেয় না, তখন সময়মতো গন্তব্যে পৌঁছানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিছু ছোটখাটো কারিগরি ত্রুটি বা যত্নের অভাবেই মূলত এই সমস্যা হয়।
আসুন জেনে নিই কেন এমন হয় এবং এর তাৎক্ষণিক সমাধান কী…
বাইক স্টার্ট না নেওয়ার নেপথ্যে কারণসমূহ
ইঞ্জিন কেন হঠাৎ ‘জ্যাম’ হয়ে যায়, তার পেছনে সাধারণত নিচের ৪টি কারণ থাকে:
কোল্ড ইঞ্জিন: দীর্ঘক্ষণ বন্ধ থাকার ফলে ইঞ্জিনের তাপমাত্রা কমে যায়। ফলে ফুয়েল ও বাতাসের মিশ্রণটি জ্বলে ওঠার মতো প্রয়োজনীয় উষ্ণতা পায় না।
দুর্বল ব্যাটারি: যারা শুধু সেলফ স্টার্ট ব্যবহার করেন, তাদের জন্য ব্যাটারি হলো বাইকের হার্ট। ব্যাটারিতে চার্জ কম থাকলে বা কার্বন জমলে সেলফ ঠিকমতো কাজ করে না।
স্পার্ক প্লাগের ত্রুটি: স্পার্ক প্লাগ যদি অপরিষ্কার থাকে বা এতে কার্বন জমে কালো হয়ে যায়, তবে তা ইঞ্জিনে ঠিকমতো স্পার্ক বা আগুন ধরাতে পারে না।
এয়ার ফিল্টারে ময়লা: বাতাস চলাচলের পথ বন্ধ থাকলে ইঞ্জিন পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে জ্বালানি দহন ব্যাহত হয় এবং স্টার্ট নিতে সমস্যা হয়।
দ্রুত বাইক সচল করার ৫টি স্মার্ট কৌশল
সকালবেলা বাইকের স্টার্ট সমস্যা এড়াতে আপনি নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন…
‘চোক’ (Choke) ব্যবহার করুন
আপনার বাইকটি যদি কার্বুরেটর ইঞ্জিনের হয়, তবে স্টার্ট দেওয়ার আগে চোক লিভারটি টেনে নিন। এটি ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বাড়িয়ে দেয়, যা ঠান্ডা অবস্থায় স্টার্ট নিতে সহায়ক। ইঞ্জিন চালু হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই চোকটি আগের অবস্থানে ফিরিয়ে নিতে ভুলবেন না।
কিক স্টার্টের সাহায্য নিন
সকালে প্রথমবার স্টার্ট দেওয়ার সময় সেলফ ব্যবহার না করে কিক স্টার্ট দেওয়া ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো। এতে ব্যাটারির ওপর চাপ কম পড়ে এবং ইঞ্জিন দ্রুত প্রাণ ফিরে পায়।
ইঞ্জিন ‘ওয়ার্ম আপ’ করা
বাইক স্টার্ট হওয়ার সাথে সাথেই ফুল থ্রটল দিয়ে দৌড়ানো ঠিক নয়। অন্তত ১ মিনিট বাইকটিকে স্থির বা ‘আইডল’ অবস্থায় চলতে দিন। এতে ইঞ্জিন অয়েল পুরো ইঞ্জিনে ছড়িয়ে পড়ার সুযোগ পায় এবং যন্ত্রাংশের স্থায়িত্ব বাড়ে।
স্পার্ক প্লাগ ও ফুয়েল চেক
মাঝেমধ্যেই স্পার্ক প্লাগটি খুলে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিন। এছাড়া ট্যাংকে পর্যাপ্ত ফুয়েল আছে কিনা এবং ফুয়েল লাইনে কোনো ব্লকেজ আছে কিনা তা নিশ্চিত করুন। নিম্নমানের জ্বালানি ব্যবহারের ফলেও এই সমস্যা হতে পারে।
সুরক্ষামূলক কভার ব্যবহার
খোলা আকাশের নিচে বা কুয়াশায় বাইক রাখা থেকে বিরত থাকুন। সম্ভব হলে ভালো মানের বাইক কভার ব্যবহার করুন। এটি ইলেকট্রিক কানেকশনগুলোকে আর্দ্রতা ও জং ধরা থেকে রক্ষা করবে।
সকালবেলায় বাইক স্টার্টের ঝামেলা এড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। ওপরের টিপসগুলো মেনে চলার পরেও যদি সমস্যা থেকে যায়, তবে বুঝতে হবে ইঞ্জিনে বড় কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেক্ষেত্রে দেরি না করে অভিজ্ঞ মেকানিকের মাধ্যমে সার্ভিসিং করিয়ে নেওয়া বুদ্ধিমানে কাজ। সঠিক যত্ন আর সচেতনতাই পারে আপনার রাইডকে নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে।