Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় জলাতঙ্কে ৫ জনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট, তদন্তের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ২০:৪৫

হাইকোর্ট।

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জলাতঙ্কে পাঁচজনের মৃত্যুর ঘটনায় করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৮ জুনের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে গাইবান্ধার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস. এম. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, একই দিন জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী সাফিনুর ইসলাম। রিটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা এবং সারাদেশে অ্যান্টি-র‌্যাবিস টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের আবেদন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

রিটে অ্যান্টি-র‌্যাবিস টিকার সংকট, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, প্রয়োজনীয় টিকা না পাওয়ায় আক্রান্তদের চিকিৎসা নিতে বিলম্ব হয়। বর্তমানে আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ এবং চিকিৎসা সহায়তার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা, টিকার ঘাটতি ও চিকিৎসা অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আদালত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ঘটনার প্রকৃত কারণ, চিকিৎসায় কোনো অবহেলা ছিল কিনা এবং টিকা সরবরাহে ঘাটতি ছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছেন।’

রিটে নিহত নন্দা রাণী, ফুলু মিয়া ও রত্নেশ্বর কুমারসহ পাঁচজনের পরিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ নিশ্চিতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি আক্রান্ত ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রাষ্ট্রীয় অর্থায়নে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এ ছাড়া জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস টিকার জরুরি মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জাতীয় জরুরি প্রতিক্রিয়া নীতিমালা প্রণয়নের আবেদন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর