Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিশু ও তরুণদের গড়ে তুলতে অভিযাত্রিক ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ০২:১৫ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ০২:১৭

ফুটবলকে শিশু ও তরুণদের শিক্ষা, নেতৃত্ব, সামাজিক অন্তর্ভুক্তি এবং শান্তি প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন।

আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল টার্ফে ‘Playing for Peace: FIFA Foundation Community Programme 2025–2026’-এর দ্বিতীয় বছরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে সংগঠনটি।

বিশ্বের ১৩৯টি দেশে বাস্তবায়িত ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের বাংলাদেশে প্রথম এবং একমাত্র বাস্তবায়নকারী সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশন। ২০২৫ সালে যাত্রা শুরুর পর থেকে কর্মসূচিটি ঢাকার মিরপুর এলাকার ১,১০০ জন শিশু-কিশোরের জন্য নিয়মিত ফুটবল প্রশিক্ষণ, জীবনদক্ষতা শিক্ষা, মনোসামাজিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। উপকারভোগীদের মধ্যে রয়েছে ১,০০০ জন সুবিধাবঞ্চিত শিশু-কিশোর এবং ৫০ জন বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী শিশু-কিশোর।

বিজ্ঞাপন

প্রথম বছরের সফল বাস্তবায়নের পর দ্বিতীয় বছরে আরও বিস্তৃত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত ফুটবল প্রশিক্ষণ, ত্রৈমাসিক টুর্নামেন্ট, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ, জীবনদক্ষতা উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম, মনোসামাজিক কাউন্সেলিং এবং শিশুদের নেতৃত্বে বিভিন্ন সামাজিক উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফু্টবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, এবং গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তামাল)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ইমতিয়াজ জামি, সংগঠনের সদস্যবৃন্দ, কোচ, স্বেচ্ছাসেবক, শিশু অংশগ্রহণকারী, অভিভাবক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশুদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে স্মারক পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি আব্দুর রহমান সানি বলেন, ‘অভিযাত্রিক ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে, তা শুধু একটি ক্রীড়া কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিনিয়োগ। আমি এই উদ্যোগে অত্যন্ত মুগ্ধ এবং ভবিষ্যতেও অভিযাত্রিক ফাউন্ডেশনের পাশে থেকে নিয়মিতভাবে সহযোগিতা করতে চাই।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে অভিযাত্রিক ফাউন্ডেশন দেশের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। ফুটবলের মাধ্যমে শিশুদের দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্ব গড়ে তোলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

ড. ওয়াহিদুজ্জামান (তামাল) বলেন, ‘গুলশান ইয়ুথ ক্লাব সবসময় শিশু ও যুব উন্নয়নমূলক কার্যক্রমকে উৎসাহিত করে। এমন একটি আন্তর্জাতিক কর্মসূচির অংশ হতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখব।’

অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ইমতিয়াজ জামি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম বাস্তবায়নের সুযোগ আমাদের জন্য গর্বের। আমাদের লক্ষ্য শুধু দক্ষ ফুটবলার তৈরি করা নয়; বরং খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মানবিক নতুন প্রজন্ম গড়ে তোলা। আগামী দিনগুলোতে এই কর্মসূচির মাধ্যমে আরও বেশি শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা কাজ করে যাব।’

অনুষ্ঠান শেষে অতিথিরা শিশুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান এবং ফুটবলের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সামাজিক পরিবর্তনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সারাবাংলা/এসএইচএস