Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিকলবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৫:৫১

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার আন্দোলনের লক্ষ্য শুধু নিপীড়নমূলক ব্যবস্থার অবসান নয়, বরং জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সৃষ্টিশীলতার নিশ্চয়তা দিয়ে একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও বাংলাদেশকে বারবার শিকল ভাঙার সংগ্রামে নামতে হয়েছে। জনগণের কণ্ঠ দমনের চেষ্টা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ার কারণে দেশের স্বাভাবিক উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতি ব্যাহত হয়েছে। প্রতিবারই জনগণকে রক্ত, প্রাণ ও ত্যাগের বিনিময়ে সেই শিকল ভাঙতে হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক শক্তিতে পরিণত হলেও বাংলাদেশে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়নের গতি ব্যাহত হয়েছে।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘এবারের শিকল ভাঙার আন্দোলনের বৈশিষ্ট্য হলো— শিকল ভাঙার পর কী করা হবে, তার রূপরেখা আগেই ৩১ দফার মাধ্যমে দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়া হচ্ছে।‘

তিনি বলেন, ‘আমরা যেমন শিকল ভাঙতে পেরেছি, তেমনি একটি শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা অটল।’

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই- শুধু একটি প্রকাশনা নয়; এটি জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ দলিল। এতে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ দায়িত্বশীল ব্যক্তিদের স্মৃতিচারণ, বিশ্লেষণ ও আলোকচিত্র স্থান পেয়েছে।’

তিনি জানান, জুলাই আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থাগুলোর উদ্যোগে আরও প্রকাশনা, তথ্যচিত্র ও ডিজিটাল কনটেন্ট নির্মাণ করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরা হবে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।