রাজধানী কাম্পালায় ছিনতাইকারীদের নির্মম হামলায় নিহত হয়েছেন উগান্ডার অন্যতম সেরা ফুটবলার ও এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি। মোবাইল ফোন ও ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় তাকে আঘাত করে ছিনতাইকারীরা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো উগান্ডায় শোকের ছায়া নেমে এসেছে। এতে পুরো দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়।
বিবিসি বাংলা জানিয়েছে, গত মঙ্গলবার রাতে কাম্পালার মাকিন্ডে উপশহরে নিজের বাড়ির কাছেই হামলার শিকার হন ২৭ বছর বয়সী ওওরি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং ফুটপাতের পেভিং স্টোন দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে গুরুতর জখম করে। এরপর তার সঙ্গে থাকা মোবাইল ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অচেতন অবস্থায় ওওরিকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরবর্তীতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়। উগান্ডা প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়ন ক্লাব এসসি ভিলার অধিনায়ক ছিলেন ডেভিড ওওরি। রাইট-ব্যাক ও মিডফিল্ড—উভয় পজিশনেই সমান দক্ষ এই ফুটবলার জাতীয় দলের জার্সিও গায়ে চাপিয়েছেন।
ওওরির মৃত্যুতে শোক প্রকাশ করে এসসি ভিলা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা শুধু একজন খেলোয়াড় হারাইনি—আমরা হারিয়েছি একজন সত্যিকারের নেতা, ভাই ও বন্ধুকে।’ উগান্ডা ফুটবল ফেডারেশন (ফুফা) এবং জাতীয় দলও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ওওরির স্মরণে দেশটির সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে প্রতিবাদের ঝড় উঠেছে উগান্ডায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, অপরাধীদের ধরতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই কাম্পালায় আরেক উগান্ডার তারকা রাগবি খেলোয়াড় সিডনি গংগোদিও এ ধরনের হামলায় নিহত হয়েছিলেন, যা দেশটিতে জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।