Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে সার্কুলার জারির নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৭:৫১

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে একটি স্পষ্ট সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় আইন সংশোধন করে বিধিমালা প্রণয়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধনের মাধ্যমে শুধু সড়ক দুর্ঘটনা নয়, সব ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে জরুরি চিকিৎসা নিশ্চিত করার বিধান যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম। সালাউদ্দিন হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

মামলার পটভূমিতে জানা যায়, ২০১৮ সালে খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করে।

সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত ও বাধাহীন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেন।

সারাবাংলা/টিএম/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর