Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাবার কবরে শ্রদ্ধা জানালেন ডা. জোবাইদা রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৫:৫৭

ঢাকা: সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন মেয়ে ডা. জোবাইদা রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন পরিবারের সদস্যরা। এ সময় কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবার ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও তার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়া দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ এবং নৌবাহিনীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ বিকেলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ছিন্নমূল সংগঠন ‘সুরভী’র কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭৯ সালে মাহবুব আলী খানের সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদ, এতিমখানা ও মাদরাসায় কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। তার জন্মভূমি সিলেটেও বিভিন্ন মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে। বগুড়া ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানেও তার স্মরণে অনুরূপ কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রসঙ্গত, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান। মাহবুব আলী খান ও সৈয়দা ইকবাল মান্দ বানুর দুই মেয়ে শাহিনা খান জামান ও ডা. জোবাইদা রহমান। ডা. জোবাইদা রহমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর