Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যর্থ জিম্বাবুয়ে সফর শেষে যা বললেন আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৩:১৬ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৫:১৩

ভালো কিছুর প্রত্যাশা নিয়ে জিম্বাবুয়ে সফরে গেলেও সাফল্যের হাসি নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্টে হার, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয় এবং টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও হারের পর সফরজুড়ে ছিল হতাশার ছাপ। যদিও শেষ দুই টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে কিছুটা স্বস্তি নিয়ে দেশে ফিরতে পেরেছে টাইগাররা।

সোমবার সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সফরের ব্যর্থতার পেছনে প্রস্তুতির ঘাটতি ও জিম্বাবুয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আশরাফুল বলেন, ‘ওখানে আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না। জিম্বাবুয়ের পিচের বাউন্স সামলানো ব্যাটারদের জন্য কঠিন ছিল। তবে এই সফরের অভিজ্ঞতা ভবিষ্যতে, বিশেষ করে বিশ্বকাপে আমাদের কাজে দেবে।’

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ওঠানামায় ভরা। টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচ জিতে সফর শেষ করে ইতিবাচক বার্তা দেয় টাইগাররা।

এদিকে সামনে রয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ। আগামী মাসের প্রথম সপ্তাহেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এই সিরিজকে সামনে রেখে এবার পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবে দল।

আশরাফুল বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা প্রায় ১০ দিন আগে যাব। সেখানে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। আশা করছি, খেলোয়াড়রা কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর