Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ২২:২৬ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ২৩:৫৮

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা জিততেই হতো বাংলাদেশকে। ব্যাট হাতে ওপেনারদের দুর্দান্ত সূচনা, শেষ দিকে ঝড়ো ফিনিশিং এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে দাপুটে জয়ই তুলে নিল টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৯.৪ ওভারে ১৫২ রানে স্বাগতিক জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি ব্রায়ান বেনেট। অল্প সময়ের মধ্যেই ফিরে যান আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি এবং তিন নম্বরে নামা ডিয়ন মায়ার্সও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

অধিনায়ক সিকান্দার রাজা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। মাত্র ১২ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেললেও তাকে ফিরিয়ে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স লড়াই চালিয়ে গেলেও প্রয়োজনীয় রানরেটের চাপ সামাল দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

এর আগে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। একাধিকবার জীবন পান সাইফ হাসান। সেই সুযোগ কাজে লাগিয়ে দুই ওপেনারই তুলে নেন অর্ধশতক। উদ্বোধনী জুটিতে আসে ১২০ রান, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সেরা ওপেনিং জুটি।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৩ বলে ফিফটি পূর্ণ করা তানজিদ শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৮ রান করে ফেরেন। তার ইনিংসটা ছিল সময়োপযোগী ও আক্রমণাত্মক। অন্যদিকে সাইফ হাসান ৪২ বলে অর্ধশতক পূর্ণ করে ৪৫ বলে ৫৫ রানের কার্যকর ইনিংস খেলেন।

তবে দুই ওপেনারের বিদায়ের পর হঠাৎ করেই ছন্দ হারায় বাংলাদেশ। তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত ফিরে গেলে বড় সংগ্রহ নিয়ে শঙ্কা তৈরি হয়।

সেই পরিস্থিতিতে শেষ দিকে ইনিংসের হাল ধরেন ইয়াসির আলি রাব্বি ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে শেষ ওভারগুলোতে দ্রুত রান তোলে বাংলাদেশ। ইয়াসির ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন। আর সাইফউদ্দিন মাত্র ১০ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। শেষ ওভারে টানা চার ছক্কা হাঁকিয়ে দলের সংগ্রহ ১৮৬ রানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইফ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর