Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ২২:০৮

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস মাঠে কাজে লাগাতে পারেনি সফরকারীরা। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ৩২ রানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারেই ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। সাইফ হাসান ১৫ বলে ১২ রান করে বিদায় নেন। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম দ্রুত রান তুললেও ৮ বলে ১৬ রান করে ইনিংস বড় করতে পারেননি।

বিজ্ঞাপন

মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যর্থতা রান তাড়ার পথ আরও কঠিন করে তোলে। একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিন বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামা ইয়াসির আলি রাব্বি। দীর্ঘদিন পর একাদশে সুযোগ পাওয়া এই ডানহাতি ব্যাটার ৩৮ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি।

শেখ মেহেদি ১৮ বলে ১৯ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদের দ্রুত বিদায়ে বাংলাদেশের ইনিংস ১৩৮ রানেই থেমে যায়।

এর আগে জিম্বাবুয়ের ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনার। আগ্রাসী সূচনায় ৩৭ রানের উদ্বোধনী জুটি এনে দেন তারা। নাহিদ রানা তাদিওয়ানাশে মারুমানিকে (১৪) ফিরিয়ে প্রথম সাফল্য এনে দিলেও স্বাগতিকদের রান তোলার গতি কমেনি।

তিন নম্বরে নেমে ডিয়ন মেয়ার্স ২০ রান করেন। ইনিংসের সর্বোচ্চ ৪৪ রান আসে ব্রায়ান বেনেটের ব্যাট থেকে। ৩০ বলের ইনিংসে তিনি জিম্বাবুয়ের স্কোরকে শক্ত ভিত্তি এনে দেন। এরপর সিকান্দার রাজা ও রায়ান বার্ল ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে ব্র্যাড ইভান্স মাত্র ১০ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ ১৭০ রানে নিয়ে যান।

বাংলাদেশের হয়ে ২৬ রানে চার উইকেট নেন নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর