Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরিজ বাঁচাতে আগে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৪:০৪ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১৬:৪৪

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে বাংলাদেশকে। এমন সমীকরণে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হারারেতে অনুষ্ঠিত ম্যাচে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য নিয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, প্রথম ম্যাচে বোলারদের পারফরম্যান্স থেকেই অনুপ্রাণিত হয়ে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিরাজ বলেন, ‘গত ম্যাচে আমাদের বোলাররা, বিশেষ করে পেসাররা, শুরুতে খুব ভালো বোলিং করেছে এবং প্রথম ১০ ওভারের মধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী হলেও টপ অর্ডারের উন্নতির প্রয়োজনীয়তার কথাও বলেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের টপ অর্ডারে ভালো জুটি গড়া জরুরি। অনেক দিন পর একসঙ্গে খেলতে নামায় কিছু সমস্যা হয়েছে। তবে আমরা বিশ্বাস করি, দ্রুতই সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারব।’

সিরিজের প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের পর এই ম্যাচ বাংলাদেশের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। পরাজিত হলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়াতে হবে সফরকারীদের। তাই সমতায় ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে মিরাজের দল।

এদিকে ইনজুরির কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন দাস। তার অনুপস্থিতিতে ব্যাটিং বিভাগের দায়িত্ব থাকছে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেনের কাঁধে।

বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন। পেস ও স্পিনের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর