Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিকেল ৩টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১১:২২ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১৫:৩১

ঢাকা: ১০ দিন পর আজ রোববার (২৮ জুলাই) বিকেল ৩টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ক্ষতিপূরণ হিসেবে গ্রাহকরা ৩ দিন মেয়াদী ৫ জিবি ইন্টারনেট পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে, রোববার সকাল ৯টায় মোবাইল অপারেটরদের জাতীয় ট্রেড অ্যাসোসিয়েশনের (এমটব) সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বৈঠক পরবর্তী ব্রিফিং করেন প্রতিমন্ত্রী।

শনিবার অবশ্য প্রতিমন্ত্রী বলেছিলেন, আমরা ইন্টারনেট শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়েছিল তিনটি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার কারণে। এ জন্য শুধু টেলিকম খাতে ৫০০ কোটি টাকা এবং সবমিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৮ জুলাইয়ের মোবাইল অপারেটরদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে ৫০ হাজার থেকে এক লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে। তাছাড়া ডাক বিভাগের ১৭টি জায়গায় হামলা হয়েছে। মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে ১৮টি আইআইজির সিস্টেম রয়েছে। সেখানে থাকা আইএসপির ৭০ শতাংশ সার্ভার থাকে। তাই ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছে। আমরা বন্ধ করিনি।

পাঁচদিন বন্ধ থাকার পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়। তবে ফেসবুক, মেসেঞ্জারসহ কিছু মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া ইন্টারনেটের গতিও ধীর রয়েছে।

এর পরদিন ২৪ জুলাই থেকে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল।

কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই প্রথমে নির্দিষ্ট কিছু স্থানে এবং দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে পরদিন রাতে সারা দেশের মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/একে