ঢাকা: রাজধানী ঢাকার মালিবাগে নতুন অফিস চালু করেছে সেন্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড ভিসা অ্যাসিস্ট্যান্স (সিভা)। মালিবাগে ৮৭ নিউ সার্কুলার রোডের এই কেন্দ্র থেকে গ্রাহকরা ভিসা পরামর্শ নিতে পারবেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিভার চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটে প্রথমে সিভার কার্যক্রম শুরু করেন। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ভিসা জটিলতার সমাধানসহ নানা পরামর্শ দিয়ে আসছেন তিনি।
সিভার নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. উপল তালুকদার। তিনি প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতার গুরুত্বসহ এর সাফল্য কামনা করে বলেন, ‘প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অত্যন্ত মেধাবী এবং মানবিক হৃদয়ের অধিকারী। মানুষের সাহায্য করতে পারলে তিনি আনন্দিত হন। প্রবাসজীবনেও তিনি কমিউনিটির সহযোগিতায় নিজেকে নিয়োজিত করেছেন।’
‘অল্প সময়ে ব্যাপক সাড়া পেয়ে দেশের মানুষের জন্য এরকম প্রতিষ্ঠানের যাত্রা শুরু করলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষ সঠিক সেবা পাবে বলে বলে আশা করছি’— বলেন ড. উপল তালুকদার।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক আব্দুল হক বলেন, ‘সিভার চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে চিনি। আর যাই হোক সেবা গ্রহীতারা এই প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই প্রতারিত হবেন না, এই নিশ্চয়তা দিচ্ছি।’
ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা এবং বাংলাদেশ শিক্ষা অফিসার্স সমিতির সভাপতি শাহীন বলেন, ‘দেশের মেধাবী শিক্ষার্থীরা সিভা’র মাধ্যমে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটি সেতুবন্ধনের মতো সহযোগিতা পাবেন।’
এ ছাড়া বক্তব্য দেন জনতা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার তারেক হোসেন। তিনি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বলেন, ‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা গ্রহণকারীরা নিশ্চিন্তে ভালো সেবা নিতে পারবেন।’
অনুষ্ঠানে অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান, ঢাকা বিজ্ঞান কলেজের পরিচালক সদস্য আবু হানিফ, যুবলীগের স্থায়ী কমিটির সদস্য রাসেল হোসেন।
সিভার চেয়ারম্যান রিয়াজ মোরশেদ, অ্যাডভোকেট একরামুল হক রবি, অর্গানাইজার তৌহিদুর রহমান, সমন্বয়ক আসাদুজ্জামান, সমন্বয়ক মুজাহিদুল ইসলাম মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী নূর-এ আলম তুষারসহ কমিউনিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।