চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা তিনজনই স্কুলছাত্র বলে জানা গেছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন – মো. আকিব (১৮), মো. জনি (১৬) ও ইমাম হোসেন (১৫)। আকিব সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ও জনি অষ্টম শ্রেনীর শিক্ষার্থী । আর ইমাম হাদী ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সারাবাংলাকে বলেন, ‘একটি মোটরসাইকেলে চার বন্ধু কমলদহ থেকে মোটরসাইকেলে করে দ্রুতগতিতে নিজামপুর যাচ্ছিল। তারা মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে রাখতে না পারায় পথে দাঁড়িয়ে থাকা এক কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ডিভাইডারে ছিটকে পড়ে।’
‘ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলসহ গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আকিব ও জনি আমার এলাকার ছেলে। ইমাম ওয়াহেদপুরে থাকে। তারা একসঙ্গে চলাফেরা করত। ঘটনা শুনেই আমি চলে যাই। তারা কোথায় যাচ্ছিল সেটা এখনও জানতে পারিনি। আর যে ছেলে আহত হয়েছে তার পরিচয়ও এখনও জানা যায়নি।’