কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে সাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছধরা ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর নুরুল আবসারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝিকে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। পরে ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ জেলেরা হলেন মো. নাসির (১৮), মো. করিম (২০), আইয়ুব মনির (২২), কামাল (৪৫) ও নাসির উদ্দীন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ থাকার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলে ও সংশ্লিষ্টরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।