ঢাকা: রাজধানীর সদরঘাটে লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামের একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৩০ জুন) সকাল ১১টার দিকে লঞ্চটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১১টায় সদরঘাটের লঞ্চ টার্মিনালে নোঙর থেকে ময়ূর- ৭ নামের একটি লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ইউনিট নিয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এর মধ্যে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটিতে কোনো যাত্রী ছিল না। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।