কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।
চিলমারী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত মোহাম্মদ আলী সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন পুলিশে চাকরিতে কর্মরত ছিলেন। তার তিন সন্তানও পুলিশে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রমনা ইউনিয়নের রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পানিতে পড়ে তলিয়ে যান। এরপরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, এই বীর দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
ওসি নয়ন বলেন, ‘তিনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার এ মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’