Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি ডিএনসিসির

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৩ ০০:১৯ | আপডেট: ৩০ জুন ২০২৩ ১২:১১

ঢাকা: নির্ধারিত আট ঘণ্টারও কম সময়ের মধ্যে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করার দাবি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএনসিসি জানিয়েছে, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় অর্থাৎ, আট ঘণ্টারও কম সময়ে সকল ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

ডিএনসিসির দশটি অঞ্চলে ঈদের দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত ২৭১৩টি ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

বর্জ্য অপসারণে সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘সবার সহযোগিতায় পূর্বঘোষিত আট ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে ঢাকা উত্তর সিটির ১৩ নম্বর ওয়ার্ডের মণিপুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসির বর্জ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী ৫৪টি ওয়ার্ডের সকল এলাকার শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৬ নং ওয়ার্ডের সকল বর্জ্য সংগ্রহ করে এসটিএসে রাখা হয়েছে। সেগুলো ল্যান্ডফিলে ট্রান্সফার করা হচ্ছে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মনিপুর এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর তিনি আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মগবাজার, মধুবাগ, রামপুরা, খিলগাঁও, প্রগতি সরণিসহ উত্তরা এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন।

এছাড়াও পাঁচ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত পাঁচটি গ্রপ ডিএনসিসির দশটি অঞ্চলে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে।

নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে ১১ হাজার কর্মী নিয়োজিত ছিল। নগর ভবনের নিচ তলায় অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়। এছাড়া ‘সবার ঢাকা’ অ্যাপেও তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকে ইমারজেন্সি অপারেশন সেন্টার থেকে মনিটরিং করা হয়।

সন্ধ্যায় পরিদর্শন শেষে ডিএনসিসি মেয়র বর্জ্য বিভাগ এবং তদারকির জন্য গঠিত পাঁচটি গ্রুপকে আগামীকালও কোরবানির বর্জ্য দ্রুত সময়ে পরিষ্কার করার নির্দেশ দেন।

সারাবাংলা/আরএফ/আইই