ঢাকা: রাতাবোরো চালের ভাতের সঙ্গে হাওরের বিভিন্ন মাছ দিয়ে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে প্রথমবারের মতো তার গ্রামের বাড়িতে গিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতির মিঠামইনের গ্রামের বাড়িতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা।
সফরসঙ্গী সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীসহ অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের মেন্যুতে ছিল- রাতাবোরো চালের ভাত, সাদা ভাত, রুই মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছের দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছু ভুনা, গ্রাসকার্প মাছ ভুনা, বাঁচা মাছ ভুনা, রিটা মাছের মাখা মাখা ঝোল, পাঙ্গাস মাছের মাখা মাখা ঝোল, মশুর ডাল, সালাদ, রস মালাই।
এছাড়া বিভিন্ন পদের স্থানীয় মিষ্টান্নও ছিল বলে জানা গেছে।
বঙ্গবন্ধু কন্যাকে নিজের বাড়িতে স্বাগত জানাতে গতকাল সোমবার বিকেলে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে মিঠামইন যান আবদুল হামিদ। শেখ হাসিনাকে নিজ গ্রামের বাড়িতে হাওরের মাছ ও স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করেন রাষ্ট্রপতি।
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর মঙ্গলবার সকালে মিঠামইনে যান জাতির পিতার কন্যা। তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে হাওর অঞ্চলে।