Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরু

স্টাফ করেসপন্ডেট
১২ জুলাই ২০২৬ ১৫:৪২ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৬:৩৭

ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ।

ঢাকা: পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। একই সঙ্গে জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করা হয়। তবে হাইকোর্ট থেকে জামিন পাওয়া তিন আসামির জামিন বহাল রয়েছে।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক জানান, দণ্ডবিধির ৩০২, ১৪৩ ও ৩৪ ধারায় ২১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে সম্পূরক অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

তদন্তে উঠে এসেছে, ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করা হয়। মামলার কয়েকজন আসামি বর্তমানে কারাগারে থাকলেও, কয়েকজন এখনো পলাতক রয়েছেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর