ঢাকা: ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ বিধি ৫ এ ‘সহযোগী অধ্যাপক’ পদ অন্তর্ভুক্ত করতে রুল জারি করেছেন হাইকোর্ট।
ছয় জন শিক্ষকের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি মো. মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
রুলে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ বিধি ৫ এ ‘সহযোগী অধ্যাপক’ পদ অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ কেন অবৈধ হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (বেসরকারি শাখা) ও উপ-সচিবকে (অতিরিক্ত দায়িত্ব) রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এমরান হোসেন, মনোজ কুমার পাল, রুহুল কুদ্দুস মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ সাদেকিন রহমান ভূঁইয়া, মো. হোসেন আলী ও মোহাম্মদ আসাদুজ্জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০১৮ সালের ৩১ জুলাই ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ শিরোনামে গেজেট জারি করে।
বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়, (১) নিয়োগকারী কর্তৃপক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক কোনো নির্বাচিত বেসরকারি কলেজে নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপের তারিখে সংশ্লিষ্ট কলেজের-(ক) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের, যথাক্রমে অধ্যক্ষ (নন-ক্যাডার), উপাধ্যক্ষ (নন-ক্যাডার), সহকারী অধ্যাপক (নন-ক্যাডার) ও প্রভাষক (নন-ক্যাডার) হিসাবে, এবং (খ) কর্মচারীদের স্ব স্ব পদে- ওই কলেজে সরকারিকরণের তারিখ হতে, বিধি ৬ এর বিধান সাপেক্ষে আত্তীকরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিয়োগ দেবে।
আইনজীবী মাসুদ রানা জানান, এই বিধিতে সব পদের কথা থাকলেও সহযোগী অধ্যাপক পদের কথা নেই। এখন যেসব শিক্ষক বেসরকারি কলেজে এই পদে কর্মরত আছে তাদের কী হবে? তাই সরকারিকরণের প্রক্রিয়ায় থাকা রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজের ছয়জন শিক্ষক সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’ বিধি ৫ এ সহযোগী অধ্যাপক পদ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে এই রিটটি দায়ের করে।
আদালত শুনানি নিয়ে এ বিষয়ে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।