ঢাকা: শিক্ষার্থীদের কেবল কর্মমুখী দক্ষ পেশাজীবী হিসেবে নয়, বরং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সমসাময়িক যুগের নানা চ্যালেঞ্জ তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ‘আজ থেকে ২০-২৫ বছর আগে হয়ত একক কোনো দক্ষতা দিয়ে কর্মজীবনে টিকে থাকা যেত, কিন্তু বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে তা অত্যন্ত কঠিন। বর্তমানের এই রূপান্তরকালীন সময়টি বেশ চ্যালেঞ্জিং।’ তবে শিক্ষার্থীরা কঠিন পড়াশোনার পাশাপাশি যেন নিজেদের জীবনকে আনন্দময় করে তোলে এবং সব ধরনের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থেকে নিজেদের যোগ্য করে তোলে, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে গবেষণা এবং নতুন নতুন উদ্ভাবনভিত্তিক শিক্ষা কার্যক্রমের ওপর আরও বেশি জোর দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ দেশের মাঠপর্যায়ে কর্মরত ৫০০ সাংবাদিককে নিয়ে একটি ধারাবাহিক ডকুমেন্টারি সিরিজ নির্মাণ করবে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই নবীনবরণ অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নতুন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ভবিষ্যৎ জীবন গঠন, নৈতিকতা চর্চা, গবেষণার প্রতি আগ্রহ বাড়ানো এবং বিশ্বমঞ্চের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের তৈরি করার বিষয়ে নানামুখী দিকনির্দেশনা প্রদান করেন।