ঢাকা: এ বছরও জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে ভুয়া সংগঠনের ব্যানারের ছড়াছড়ি। ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পরিচয় দিয়ে তারা এসেছে শ্রদ্ধা জানাতে। এমনই এক সংগঠন আওয়ামী বাস্তুহারা লীগ, আদতে যা কোনোভাবেই মূল সংগঠনের অঙ্গ সংগঠন নয়।
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসলে, এই বাস্তুহারা লীগের কাজ কি তা জানতে চাওয়া হয় সংগঠনের সভাপতির কাছে। এরপরই তিনি তেড়ে আসেন। কোনো সদুত্তর না দিতে পেরে তিনি প্রশ্ন করায় ক্ষোভ প্রকাশ করেন এবং ‘কী করবেন কইরেন’ বলে হুমকি দেন।
এ সময় জানতে চাইলে তিনি নিজের নাম বলতে অস্বীকৃতি জানান। ছবি তুলতে চাইলে তিনি মুখ ঘুরিয়ে দূরে চলে যান।
এরপর সভাপতির পক্ষ থেকে প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করতে আসেন সংগঠনের সেক্রেটারি মো. কুতুব সওদাগর। নিজেদের ত্যাগী হিসেবে দাবি করে বলেন, তারা মুজিব আদর্শে কাজ করে যাচ্ছেন।
কিন্তু বাস্তুহারা লীগের কাজ কী এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনিও তার সঠিক জবাব দিতে পারেননি।
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নামে ৭৩টি ভুঁইফোড় সংগঠনের তালিকা প্রকাশিত হয়। এসব সংগঠন নিয়ে প্রায়ই বিব্রত প্রকাশ করেন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা।