Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় লাখ টাকার হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৫:০৩

গ্রেফতার হওয়া দু’জন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

শুক্রবার (১০ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মানবেন্দ্র বালো।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল (দক্ষিণপাড়া) এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এসআই আসাদ মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় ওই দু’জনকে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল (ভোরবাজার) এলাকার মৃত নাজিমুদ্দিনের ছেলে মো. সাইফুল ওরফে সাইদুল ইসলাম (৩৭) এবং একই উপজেলার গোবিন্দল এলাকার মো. শহীদের ছেলে মো. ওবাইদুল (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সাইফুল ওরফে সাইদুল ইসলামের কাছ থেকে ৬ গ্রাম এবং ওবাইদুলের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট পরিমাণ ১৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

ডিবির তথ্যমতে, গ্রেফতারকৃত সাইফুল ওরফে সাইদুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই একটি এবং ওবাইদুলের বিরুদ্ধে দু’টি মাদক মামলা রয়েছে।

মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদককারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর