সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ ও দু’টি মোবাইলফোন জব্দ করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে তাড়াশ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের চরহামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (২৯ জুন) র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গলগণ্ডা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবি মিয়া (৩৩) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)।
র্যাব সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র্যাব-৩ সিপিসি-২ মগবাজারের সদস্যরা যৌথভাবে মাদকবিরোধী অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে ঢাকা থেকে রাজশাহীগামী মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকার ৯ নম্বর ব্রিজের কাছে সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপের মাধ্যমে বিভিন্ন জেলায় সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও জানান, মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ, গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দু’টি মোবাইলফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।