Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগ‌ঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ০০:১৩

সিরাজগ‌ঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: পৌর শহরের মিরপুর মহল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এবং উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। রাত ২টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে বুধবার (৮ জুলাই) রাত পর্যন্ত চলতে থাকে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সংঘর্ষে বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘরের জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ বাসিন্দারা। সংঘর্ষের খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশি টহল অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘মিরপুর মহল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। উভয় পক্ষের অভিভাবকদের অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক করা হয়েছে।’

কেউ আইন নিজের হাতে তুলে নিলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় বুধবার রাত পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর