বেনাপোল: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং পাঁচটি মোবাইলফোনসহ মোট চারজন মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে এ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), একই উপজেলার কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) ও একই এলাকার শামসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।
বিজিবি জানায়, দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল এবং মাদক চক্রের ওপর বিজিবির সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে শার্শার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং পাঁচটি মোবাইলফোনসহ উক্ত চার আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি টহল দল।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, ‘আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’