পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফের প্রবেশ করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এসময় ৩ সাংবাদিকও আঘাত পেয়েছেন। আল জাজিরার খবর।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, আল আকসা মসজিদে শুক্রবার সকালে নতুন করে অভিযান চালানো হয়। দাঙ্গা পোশাক পরে পুলিশ প্রাঙ্গণে প্রবেশ করে রাবার বুলেট এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এসময় ফিলিস্তিনিরা ইসরাইলি পুলিশের দিকে ঢিল ছুঁড়ে।
মসজিদ প্রাঙ্গণে ছোট আগুনের খবরও পাওয়া গেছে। ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশকে একটি গাছ পোড়ানোর জন্য দায়ী করেছে। ইসরাইলি পুলিশ অবশ্য বলছে, ফিলিস্তিনিরা আতশবাজি নিক্ষেপের ফলে আগুন লেগেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩১ বলে দাবি করেছে। এর মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পাথরের আঘাতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। সম্প্রতি মসজিদটি কেন্দ্র করে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এবার রমজান মাস শুরুর পর গত শুক্রবার (১৫ এপ্রিল) আল আকসা মসজিদে প্রবেশ করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। ফজরের নামাজের আগে কয়েক হাজার মুসল্লির সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এতে কমপক্ষে ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছিলেন। এর পর রবি ও সোমবারও মসজিদ প্রাঙ্গণে পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়।