Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণ করিয়েছিলেন স্ত্রী, ৩ দিন পর পুলিশ উদ্ধার করল স্বামীকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ০০:২১

মানিকগঞ্জ: পারিবাহিক কলহকে কেন্দ্র করে মানিকগঞ্জের সাটুরিয়ার রেজাউল করিমকে অপহরণ করিয়েছিলেন তারই স্ত্রী তানিয়া আক্তার। অপহরণের তিন দিন পর সাভারের একটি কথিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণে জড়িত অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সাংবাদিকদের।

ওসি বলেন, উপজেলার তিল্লী ইউনিয়নের রেজাউল করিম ও তার স্ত্রী তানিয়া আক্তারের মধ্যে ঝগড়া হয়েছিল। এর জের ধরে ১৪ এপ্রিল বিকেল ৫টার দিকে উত্তর আয়নাপুর গ্রাম থেকে রেজাউল করিমকে অজ্ঞাত কয়েকজন লোক একটি সাদা হায়েস গাড়ি নিয়ে এসে অপরহণ করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন— রেজাউলিরে স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে চুক্তির ভিত্তিতেই তারা রেজাউলকে অপহরণে করেছিলেন।

রেজাউলকে অপহরণের পরদিনই তার বাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরে ১৬ এপ্রিল তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে সাভরের কথিত একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে রেজাউলকে পুলিশ উদ্ধার করেছে বলে জানান ওসি আশরাফুল আলম। তিনি জানান, এসময় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণে ব্যবহৃত হায়েস গাড়িটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সাটুরিয়া থানায় অপহরণ মামলা হয়েছে এবং রেজাউলের স্ত্রী তানিয়া আক্তারসহ বাকি আসামিদের দ্রুত গ্রেফতরের চেষ্টা চলছে বলে জানান ওসি।

সারাবাংলা/টিআর
বিজ্ঞাপন

আরো