চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পিকআপের ধাক্কায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে (ওজন স্কেল) নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় মহাসড়কে ওজন স্কেলের অদূরে এ দুর্ঘটনা ঘটেছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। নিহত আনসার সদস্য মো. মাঈন উদ্দিনের (৩২) বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে।
হাইওয়ে পুলিশের সীতাকুণ্ড কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. আবদুল্লাহ জানিয়েছেন, ওজন স্কেলে দায়িত্ব পালনরত অবস্থায় রাত দেড়টার দিকে মাঈন উদ্দিন হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধাক্কা দিয়ে পিকআপটি দ্রুত চলে যায়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।