Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা-পাসপোর্ট ছাড়াও পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেন প্রবাসীরা

সারাবাংলা ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১২

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা ভিসা-পার্সপোট ছাড়াই পোল্যান্ডে প্রবেশের সুযোগ পাবেন। তবে এজন্য সঙ্গে রাখতে হবে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অন্যদিকে ওরাশস্থ বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবেন। তারা প্রবাসী বাংলাদেশিদের পোল্যান্ডে প্রবেশে সহায়তা করবেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান।

ওরাশস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে তিনি লেখেন,

এতদ্বারা জানানো যাচ্ছে যে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

বিজ্ঞাপন

২) যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশীকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা যাচ্ছে।

৩) ওয়ারশস্থ বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশীদের তারা সহায়তা প্রদান করবেন।

৪) ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ , পেট্রোল অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহুর্তে উক্ত বর্ডার এর দূরবর্তী এলাকায় অবস্হানরত প্রবাসী বাংলাদেশীদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্হিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, বাংলাদেশ সরকার ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছে। আটকে পড়া বাংলাদেশিদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে সরকার।

মন্ত্রণালয় আরও বলছে, প্রত্যাবাসন প্রক্রিয়ার সুষ্ঠু সমন্বয়ের জন্য এরই মধ্যে পোল্যান্ডের ওয়ারশ’তে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অতিরিক্ত জনবল দিয়ে শক্তিশালী করা হয়েছে। সব ধরনের কনস্যুলার সহায়তাও বিনামূল‍্যে দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এএম