ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রত্যয়ন সংক্রান্ত সিটি করপোরেশনের বিধিমালা-২০১২ এর ৩(৩) অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সনদপত্র প্রত্যয়নে কেন নারী কাউন্সিলরদের পুরুষ কাউন্সিলরদের ন্যায় সমান সুযোগ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আইন সচিব, এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সংরক্ষিত তিন জন নারী কাউন্সিলরের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
গত বছরের ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের সই করা এক দাপ্তরিক আদেশ বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান করার দায়িত্ব সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলী ও সুযোগ সুবিধা) বিধিমালা-২০১২ অনুচ্ছেদ নম্বর ৩(৩) অনুসারে সাধারণ কাউন্সিলরগণের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরগণ কর্তৃক প্রদান করার আইনগত/বিধিগত সুযোগ নেই।
এর আগে গত ১১ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নাসরিন রশিদ পুতুল, খালেদা আলম এবং সাহিদা বেগমের পক্ষে সুপ্রিম আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।