Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরল ‘রেড কোরাল কুকরি’ সাপের দেখা মিলল ঠাকুরগাঁওয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৮

ঠাকুরগাঁও: সাপের নাম ‘রেড কোরাল কুকরি’। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গোটা পৃথিবীতেই এই সাপটির দেখা মিলেছে ২০ থেকে ২২ বার। এর মধ্যে অবশ্য গত বছরখানেক সময়ে অন্তত পাঁচ বার সাপটি দেখা গেছে বাংলাদেশে, প্রতিবারই পঞ্চগড়ে। এবারে আরও একবার বাংলাদেশে দেখা মিলল অত্যন্ত বিরল প্রজাতির এই সাপের— এবারে উত্তরাঞ্চলের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিংড়া ফরেস্ট জাতীয় উদ্যানে সাপটিকে অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বন সংরক্ষণ কর্মকর্তা হরিপদ দেবনাথ ও বন সম্প্রসারণ নার্সারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদেকুর রহমান। বন বিভাগের কর্মচারীরা ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার বালিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকা বড়বালিয়া গ্রামে মাটি খননের সময় সাপটিকে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে ধরে রেখে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মান্নান সারাবাংলাকে বলেন, গত ১২ মাসে দেশে পাঁচ বার দেখে মিলেছে এ সাপের। পাঁচ বারই পঞ্চগড় জেলায় সাপটি দেখা গেছে। এবারই প্রথম ঠাকুরগাঁওয়ে দেখা গেল এই সাপ।

বন বিভাগ জানাচ্ছে, ‘রেড কোরাল কুকরি’ বিরল প্রজাতির একটি সাপ। উজ্জ্বল কমলা ও প্রবাল লাল বর্ণের এ প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ওলিগোডন খেরেনসিস (Oligodon kheriensis)। ১৯৩৬ সালে উত্তর প্রদেশের খেরি বিভাগের উত্তরাঞ্চলে এই সাপটি প্রথম দেখা যায়।

ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার জানাচ্ছেন, সাপটি মৃদু বিষধারী। তবে আচরণে অত্যন্ত নিরীহ। সাপটি পৃথিবীর দুর্লভ সাপদের একটি। হিমালয়ের পাদদেশের দক্ষিণে ৫৫ কিলোমিটার ও পূর্ব-পশ্চিমে ৭০ কিলোমিটার এলাকাজুড়ে এই সাপ দেখা যায়। সাপটি নিশাচর। বেশিরভাগ সময়ই মাটির নিচে থাকে।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান সারাবাংলাকে বলেন, বিরল প্রজাতির সাপ উদ্ধারের খবরটি জানতে পেরেই আমরা সেটি সংরক্ষণের জন্য বন ও প্রাণিসম্পদ অধিদফতরকে জানিয়েছি। সাপটির দেখভালের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বন সংরক্ষণ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাপটি অবমুক্ত করার জন্য বন সম্প্রসারণ নার্সারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদেকুর রহমানকে দায়িত্ব দিয়েছিলেন। সে অনুযায়ী আমরা আজ (শুক্রবার) সাপটি অবমুক্ত করেছি।

সারাবাংলা/টিআর