Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধু রবির সঙ্গে মাশরাফির আড্ডার ছবি ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২১ ২২:৩০

নড়াইল: নন্দিত ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা একজন মানবিক মানুষ হিসেবে সর্বজন স্বীকৃত। বন্ধু হিসেবেও তিনি অমায়িক। সময় ও সুযোগ পেলেই মাশরাফি ছুটে যান তার চিত্রা পাড়ের বন্ধুদের কাছে। তাদের সঙ্গে আড্ডা দেন মন-প্রাণ খুলে। সম্প্রতি বন্ধুর সঙ্গে মাশরাফির আড্ডা দেওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে।

মাশরাফির সেই বন্ধুর নাম রবি দাশ, পেশায় মুচি। নড়াইল চৌরাস্তায় একটি গাছের নিচে বসে জুতা-স্যান্ডেল মেরামতের কাজ করেন তিনি।

সম্প্রতি সংসদ সদস্য মাশরাফি এসেছিলেন নড়াইলে। কাজের ফাঁকে ভুল করেননি বন্ধুদের খোঁজ নিতে। বন্ধু রবি চৌরাস্তা এলাকায় যেখানে বসে কাজ করেন, সেখানে তার পাশে বসে খোঁজখবর নিলেন মাশরাফি। কথা বললেন, দিলেন জম্পেশ আড্ডা।

বিজ্ঞাপন

বন্ধু রবির পাশে বসে থাকা মাশরাফির সেই আড্ডার ছবিটা ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় এখন সেই ছবিটা নিয়ে নেটিজেনদের নানা মন্তব্য। তাতে মাশরাফির বন্ধুত্বের প্রশংসাই করা হচ্ছে।

এ বিষয়ে মাশরাফির আরেক বন্ধু সুমন সাংবাদিকদের বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি। ক্রিকেট দলের পর এখন নড়াইলের গণমানুষের নেতা, অধিনায়ক বনে গেছেন মাশরাফি। তার মতো করে জনগণের এতটা পাশে এসে দাঁড়ানো, সুযোগ-সুবিধার খোঁজ-খবর নেওয়ার মতো সংসদ সদস্য বাংলাদেশে কমই দেখা যায়।’

সারাবাংলা/এমও