Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৫:২০

ফাইল ছবি

ঢাকা: আগামী ৫ দিন দেশের অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সময়ে উজানের বৃষ্টি ও নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশের ১৮টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (৮ জুলাই) আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এই বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।

প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, খোয়াই, কংস, সোমেশ্বরী ও ভোগাইসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি করতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে তিস্তা নদী আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া ধরলা ও দুধকুমার নদী লালমনিরহাট ও কুড়িগ্রামে সতর্ক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সতর্কবার্তা প্রকাশ করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর