চট্টগ্রাম: টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে পানি উঠে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রেললাইনে পানি ওঠায় বর্তমানে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নগরীর মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসাসহ কয়েকটি এলাকায় রেললাইন তলিয়ে গেছে। গতকাল পর্যটক এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৮ ঘণ্টা ষোলশহর স্টেশনে আটকে থাকার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যাত্রীদের সংকটমুক্ত করতে চাই। ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন ৫ ফুট উঁচু করতে চাই। তাহলে অতিবৃষ্টি হলেও রেললাইন আর পানির নিচে তলিয়ে যাবে না এবং ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।’
তিনি জানান, এ প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।’
বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, তিনি জলাবদ্ধ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে আছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল প্রতিমন্ত্রী বলেন, ‘পানি না কমা পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। যেসব যাত্রী আগাম টিকিট কেটেছেন, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের অর্থ ফেরত পাবেন। বৃষ্টি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এ রুটে ট্রেন চলাচল শুরু হবে।’