Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে লাশবাহী নৌকায় ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৫:৫০

ডাকাতি হওয়া নৌকাটি।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওড়ে একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা যাত্রীদের তিনটি মোবাইলফোন, নৌকার সোলার প্যানেলের ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকায় ছিল এক শিশুর মরদেহ। মৃত ওই শিশুর দাদা আবদুল হক জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সি কন্যাশিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। পরে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশে রওনা দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোটো নৌকায় করে ছয় সদস্যের ডাকাত দল তাদের গতি রোধ করে। তারা অনেকে অনুরোধ করে জানান, নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে। কিন্তু ডাকাতেরা তা উপেক্ষা করে যার কাছে যা ছিল তা ছিনিয়ে নেয়। মারধরের ভয়ে তারা তিনটি মোবাইলফোন ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা ডাকাতদের দিয়ে দেন।’

নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় পৌঁছালে ডাকাতেরা নৌকায় উঠে সোলার প্যানেলের ব্যাটারি এবং প্রায় ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েব খান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নৌ-পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

চামড়াঘাট নৌ-পুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’