Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্রীর শ্লীলতাহানি: ডিজিটাল মামলায় সাংবাদিকসহ ৩ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২১ ২১:২৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ২২:০৫

রাঙ্গামাটি: কলেজছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক সংবাদকর্মীসহ তিন জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক তোফায়েল হাসান। একইসঙ্গে, মামলার আরেক আসামি জাহেদা বেগমকে ২০ হাজার টাকা বন্ডে জামিন দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্লীলতাহানির মামলার চার আসামি চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করেন জামিন আবেদন করে। বিজ্ঞ আদালত আসামি ও বাদী পক্ষের যুক্তিতর্ক শুনে মামলার তিন আসামি আলমগীর মানিক, মাসুদ পারভেজ নির্জন ও শহিদুল ইসলাম হৃদয়কে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহরণ, ধর্ষণ ও হত্যার হুমকিসহ শ্লীলতাহানির অভিযোগে রাঙ্গামাটির দুই সংবাদকর্মী ও তাদের দুই সহযোগীসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক কলেজছাত্রী।

এজাহারে বলা হয়, প্রতারণামূলকভাবে ডিজিটাল মাধ্যমে তার এবং তার স্বামীর আইডিতে ছদ্মবেশ ধারণ করে আপত্তিকর, মানহানিকর কমেন্ট করে হেয়প্রতিপন্ন এবং ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করে আসামিরা। পরবর্তীতে আইডি হ্যাক করে ক্ষতির উদ্দেশে আইডি থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে নেয় এবং গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলে। এছাড়া বিভিন্ন ভুয়া ফেসবুক আইডিতে ছবি প্রকাশ করে। এরপরেও তাকে এবং তার স্বামীকে মেরে লাশ গুম করে ফেলা, সন্ত্রাসী দিয়ে অপহরণ করে ধর্ষণের হুমকি দেয় আসামিরা। মামলার চার আসামির মধ্যে জাহেদা বেগম (৪০) বাংলাদেশ টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি, মো. আলমগীর মানিক (৩৮) এশিয়ান টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি। অন্য দুই আসামি মাসুদ পারভেজ নির্জন (২৪) ও শহিদুল ইসলাম হৃদয় (২৫) এশিয়ান টিভির প্রতিনিধি আলমগীর মানিকের সহযোগী।

সারাবাংলা/একেএম