ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২০২১ সালে ২০ বাংলাদেশি পেলেন ‘লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২১’। শনিবার (২০ নভেম্বর) লিডার’স ফোরাম বিডি’র পক্ষ থেকে রাজধানীর ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ১৭টি বিভাগ থেকে ২০ ব্যক্তি এই পুরস্কার অর্জন করেন।
এতে অতিথি হিসেবে কর্পোরেট জগতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগ দেন বাংলাদেশে ইউএনডিপির প্রধান সুদীপ্ত মুখার্জি, ওরাকলের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলাসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে করোনায় প্রাণ হারানো ইন্ডাস্ট্রি লিডারদের স্মৃতির প্রতি সম্মান দেখাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
লিডারস ফোরামের প্রতিষ্ঠাতা খন্দকার কবীর তার বক্তব্যে জানান, করোনার সময় দেশের বিভিন্ন সেক্টরে কাজ করা ইন্ডাস্ট্রি লিডারদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরির চিন্তা থেকে এই প্লাটফর্ম তৈরি করেন। পরে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা শুধু নেতৃত্বস্থানীয়দেরই নয় তরুণ ও প্রি-গ্রাজুয়েটদেরকেও তুলে ধরছেন। শুধু নামী শিক্ষা প্রতিষ্ঠানই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ফিউচার লিডার হিসেবে তৈরি করতে কাজ করছে লিডার’স ফোরাম বিডি। ২০২১ সালের ১৩ জুনে যাত্রা শুরু করে বর্তমানে ২৩ সেক্টরের ৩ হাজার জনের বেশি সদস্য রয়েছে এই গ্রুপে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মিডিয়া বিভাগে লিডারশিপ পুরস্কার জেতা জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, করোনার মধ্যে চেষ্টা ছিল মিডিয়াকে সমাজ ও কর্পোরেটের সঙ্গে সংযুক্ত করতে, যাতে মিডিয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আমার চেষ্টা ছিল মিডিয়ার মাধ্যমে কোভিড আক্রান্ত ব্যক্তি, ব্যবসায়িক ক্ষতি, শিক্ষার ক্ষতি ইত্যাদি নানাদিক সামনে নিয়ে আসা। লিডার’স ফোরাম আজ সেটির স্বীকৃতি দিলো।
স্বাস্থ্যসেবা বিভাগে পুরস্কার জেতেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোঃ শাহেদ রাফি পাভেল। এক প্রতিক্রিয়ায় সারাবাংলাকে জানান, করোনার মধ্যে চিকিৎসকদের জন্য একটি র্যাপিড রেসপন্স টিম তৈরি করেছিলেন তিনি। কোনো চিকিৎসক অথবা তার পরিবারের কেউ কোভিড আক্রান্ত হলে তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, অ্যাম্বুলেন্স ইত্যাদির ব্যবস্থা করেছেন তারা। এছাড়াও কোভিডের সময়ে আক্রান্ত ও সুস্থ হওয়া চিকিৎসকদের সংখ্যা নিয়মিত আপডেট করতেন তাদের প্ল্যাটফর্ম থেকে। এসব কাজের স্বীকৃতিতেই আজকের এই অর্জন।
তরুণ উদ্যোক্তা পলাশ হোসেন ক্রিয়েটিভ কাজের জন্য ইয়াং লিডারশিপ বিভাগে এই পুরস্কার অর্জন করেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাশরাফি, তামিম, তাসকিনসহ অন্তত ১৭ জন ক্রিকেটারের এজেন্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ লাখ ছেলেমেয়েদের নিয়ে হাউজ ও এনইউবিডিয়ান নামে একটি প্ল্যাটফর্ম করেছেন যার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি কমন প্ল্যাটফর্মে এনে তাদের উন্নয়নে কাজ করছেন। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবধান কমানোর জন্য বিনামূল্যে তাদের ক্যারিয়ার ও স্কিল ডেভেল্পমেন্ট ক্লাস নেন তার সংগঠনের মাধ্যমে। এসবের স্বীকৃতিস্বরূপ আজকের এই অর্জন বলে জানান তিনি।
নারী নেতৃত্বে পুরস্কার অর্জনকারী প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শায়লা আবেদীন বলেন, নারী নেত্রী নয়, তিনি একজন নেতা হিসেবেই পরিচিত হতে চান। এবং তিনি চান আরও বেশি মেয়েরা উঠে আসুক নেতৃত্বস্থানীয় জায়গায়। করোনার মধ্যে ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে অবদান রাখার পাশাপাশি নারী উন্নয়নে অনলাইন ও অফলাইনে কাজ করেছেন তিনি।
যারা পুরস্কার পেলেন—
ক্যাপিটাল মার্কেট বিভাগে গ্রিণ ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াফি শফিক মেহনাজ খান, ইন্সপায়ারিং উইমেন লিদারশিপ বিভাগে প্রাইম ব্যাংকের হেড অফ সেগমেন্টসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাইলা আবেদীন, মিডিয়া বিভাগে গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, হেলথকেয়ার বিভাগে বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের সভাপতি ডা. মোঃ শাহেদ রাফি পাভেল, রিয়েল এস্টেট বিভাগে শান্তা হোল্ডিংসের সিনিয়র জেনারেল ম্যানেজার ও সেলস ও কাস্টোমা সার্ভিসের প্রধান শাহিব আহমেদ, এনবিএফআই বিভাগে বাংলাদেশ ফাইনান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ কায়সার হামিদ, এমএফএস বিভাগে নগদের প্রধান মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান, ইনস্যুরেন্স বিভাগে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কো. লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এস এম জিয়াউল হক, লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই চেইনের আইএসসিইএ’র আঞ্চলিক প্রধান নির্বাহী এজাজুর রহমান, আরএমজি বিভা বিটপি’র সিনিয়র জেনারেল ম্যানেজার- এইচআর অ্যান্ড এসসিএম এ বি এম সিরাজুল ইসলাম আজাদ, তথ্যপ্রযুক্তি বিভাগে প্রধান ই-গভর্ন্যান্স স্ট্র্যাটেজিস্ট ফরহাদ জাহিদ শেখ, ব্যাংকিং সাপ্লাই চেইন বিভাগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের রিটেল অ্যাসেস্ট অ্যান্ড সাপ্লাই চেইন ফাইনান্সিং প্রধান এম মোস্তাফিদুজ্জামান, হিউম্যান রিসোর্স বিভাগে সিটি গ্রুপের এইচআর গ্রুপ পরিচালক এম শাব্বির আলি, বিল্ডিং ম্যাটেরিয়ালস বিভাগে মেঘনা গ্রুপ অব কোম্পানিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খুরশেদ আলম, ব্যাংকিং বিভাগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খুরশেদ আলম, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিকস বিভাগে সিঙ্গার বাংলাদেশের হোলসেল অপারেশন অ্যান্ড এমকম পরিচালক কাজী রফিকুল ইসলাম, হসপিটালিটি বিভাগে ওয়েস্টিন ঢাকা অ্যান্ড শেরাটন ঢাকার হোটেল ম্যানেজার এমডি আল আমিন। এদিকে ইয়াং লিডারশিপ ক্যাটাগরিতে পেয়েছেন তিনজন- বিজ সল্যুশন্স লিমিটেডের পরিচালক এম ডি শফিকুল আলম, পাওয়ারপ্লে কমিউনিকেশন্স ও হাউজ অফ এনইউবিডিয়ান্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ পলাশ হোসেন ও আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইশরাত করিম।