Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ০৯:০৭ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১৩:৫৯

ছবি: সংগৃহীত।

ঢাকা: টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলফামারী ও লালমনিরহাট সীমান্তের তিস্তা ব্যারেজের সবকটি (৪৪টি) জলকপাট (স্লুইস গেট) খুলে রাখা হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিন অনুযায়ী বুধবার ( ৮ জুলাই) বলা হয়েছে , ভারতের গজলডোবা ও সিকিম অংশে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে আসা ঢল তিস্তা নদীতে তীব্র গতিতে প্রবেশ করছে। এর ফলে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে কুড়িগ্রাম ও লালমনিরহাটের ওপর দিয়ে প্রবাহিত ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্কাবস্থায় রয়েছে, যা সংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলোর পানি সমতল সাময়িকভাবে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে বান্দরবান, কক্সবাজার ও ফেনী জেলার কিছু কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, দেশের ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থার পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী কয়েকদিন তা কিছুটা বাড়তে পারে। তবে গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানি বৃদ্ধি পেলেও তা আপাতত বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর